জামালপুরের দেওয়ানগঞ্জে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে ইলিশ শিকারের দায়ে দুই জেলেকে দুই দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত আজ সোমবার বিকেলে পাটাধোয়াপাড়া ও মৌলভীরচর এলাকায় অভিযান চালিয়ে শিকারীদের আটক করে। অভিযানে ধরা পড়া দুই জেলেকে হলেন গাইবান্ধার মোল্লারচর এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে শাহাদাৎ হোসেন (৩৫) এবং মৃত ফজল হক মণ্ডলের ছেলে ইব্রাহিম (২৪)। উভয়েই যমুনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা চলাকালে ইলিশ শিকার করছিলেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইলিশের নিরাপদ প্রজনন ও সংরক্ষণে চলমান নিষেধাজ্ঞা সত্ত্বেও একটি চক্র নদীতে শিকার করছিল। এই গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা মৎস্য কর্মকর্তা শফিউল আলমের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে বেশ কিছু ইলিশসহ দুই জেলেকে হাতেনাতে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন প্রত্যেককে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। অভিযানের পর জব্দ করা ইলিশ স্থানীয় দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা শফিউল আলম আজকের পত্রিকাকে বলেন, “ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই জেলেকে দুই দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।” তিনি আরও জানান, গত সপ্তাহে ওই এলাকায় অভিযান চালিয়ে চারজনকে কারাদণ্ড দেওয়া হয়েছিল, তবু ইলিশ শিকার বন্ধ হচ্ছে না। ইউএনও শাহ জহুরুল হোসেন জোর দিয়ে বলেন, “মা ইলিশ সংরক্ষণে সরকারি বিধিনিষেধ মেনে চলা জেলেদের জন্য বাধ্যতামূলক। আইন অমান্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।”
Article source: Ajker Patrika | Image credit: Ajker Patrika