বর্ণাঢ্য আয়োজনে বেরোবি সাংবাদিক সমিতির এক যুগপূর্তি উদযাপন

বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) এক যুগপূর্তি উদযাপিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে সাংবাদিকতার নৈতিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং তথ্য যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে ক্যাফেটেরিয়ায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেরোবিসাসের সভাপতি আবু সাঈদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী এবং বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক ও ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম। তিনি বলেন, সাংবাদিকদের কখনোই রাজনীতিবিদের চেয়ে বেশি রাজনৈতিক ভূমিকা পালন করা উচিত নয়। বিভিন্ন টক শোতে সাংবাদিকদের রাজনীতিবিদের মতো ভূমিকা পালন করার প্রবণতা লক্ষ্য করা যায়, যার পেছনে সুবিধাভোগী হওয়ার মানসিকতা থাকতে পারে বলে তিনি মন্তব্য করেন। এছাড়া সাম্প্রতিক বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পালিয়ে যাওয়ার ঘটনাকে তিনি দুঃখজনক বলে উল্লেখ করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান, যুক্তি ও মুক্তচিন্তার কেন্দ্র। এখানে সাংবাদিকতার ভূমিকা হওয়া উচিত গঠনমূলক সমালোচনা, তথ্যনির্ভর বিশ্লেষণ এবং ইতিবাচক বার্তা প্রচার করা। তিনি ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাইয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান মো. তাবিউর রহমান প্রধান এবং বেরোবিসাসের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান পুলক। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০১৪ সালের ২৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ঘটনাবলি তুলে ধরা, ক্যাম্পাসের সমস্যা ও সম্ভাবনা উপস্থাপন এবং শিক্ষার্থীদের কণ্ঠস্বর বৃহত্তর পরিসরে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে বেরোবিসাসের যাত্রা শুরু হয়।

Article source: Ajker Patrika | Image credit: Ajker Patrika

News Desk: News Desk is the editorial publishing account for Tringlobe Media News, covering breaking news, public affairs, entertainment, community developments and regional stories across Trinidad and Tobago, the Caribbean and internationally.