মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিলে চালকসহ ৯ জন আহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) ভোর সোয়া চারটার দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে শ্রীনগর ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গাড়ির ভেতরে আটকা পড়েন। আহত ব্যক্তিরা হলেন—মাদারীপুর সদর উপজেলার রুম্পা খাতুন (৩৫), মিম আক্তার (১৮), খাদিজা আক্তার (১৮), রাসেল মাতব্বর (৩০), সিরাজ মাতব্বর (৭০), রনি মাতব্বর (২৮), মেহেদী (৩৫), মাইক্রোবাসচালক মো. ইব্রাহিম (৩৬) এবং আল-আমিন (৩০)। স্থানীয় সূত্রে জানা গেছে, ইতালিপ্রবাসী রাসেল মাতব্বরকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বজনেরা মাইক্রোবাসে করে মাদারীপুরে নিজ বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ভোর ৪টা ১৮ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকর্মীরা গাড়িতে আটকে পড়া চালকসহ আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
Article source: Ajker Patrika | Image credit: Ajker Patrika