সাতক্ষীরার তালা উপজেলায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর হৃদয় সরদার (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার ধানদিয়া ইউনিয়নের দক্ষিণ সারসা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত হৃদয় সরদার দক্ষিণ সারসা গ্রামের রইচউদ্দীন সরদারের ছেলে এবং পাটকেলঘাটা হারুন-অর-রশিদ ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর অকৃতকার্য হওয়ায় হৃদয় মানসিকভাবে ভেঙে পড়েন। শনিবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে নিজ ঘরের আড়ার সঙ্গে রশি বেঁধে তিনি গলায় ফাঁস দেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেন। ঘটনাস্থল থেকে পুলিশ হৃদয়ের মরদেহ উদ্ধার করে। এ সময় তার পাশে একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে পরীক্ষার ফলাফল নিয়ে হতাশা, নিজের কষ্টের কথা এবং বাবা-মায়ের কাছে ক্ষমা চাওয়ার বিষয়টি উল্লেখ ছিল। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্ত ও উদ্ধার করা চিরকুট পর্যালোচনা করে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
Article source: Ajker Patrika | Image credit: Ajker Patrika