মেজর লিগ সকারে (এমএলএস) পাঁচ হলুদ কার্ডের কোটা পূর্ণ হওয়ার পরও ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচে লিওনেল মেসির খেলার ওপর কোনো নিষেধাজ্ঞা থাকছে না। লিগের বিশেষ ‘গুড কন্ডাক্ট’ বা ভালো আচরণের নিয়মের কারণে তিনি এই সুবিধা পাচ্ছেন। এমএলএসের নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় মৌসুমে পাঁচটি হলুদ কার্ড দেখলে তাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা এবং ২৫০ ডলার জরিমানার সম্মুখীন হতে হয়। তবে লিগের আরেকটি নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় যদি টানা পাঁচটি ম্যাচে কোনো হলুদ, লাল কার্ড বা বাড়তি শাস্তি না পেয়ে খেলতে পারেন, তবে তার নামের পাশে থাকা হলুদ কার্ডের সংখ্যা থেকে একটি কার্ড স্বয়ংক্রিয়ভাবে কমে যায়। এই নিয়মটি একটি মৌসুমে সর্বোচ্চ তিনবার কার্যকর হতে পারে। চলতি মৌসুমে মেসি এই নিয়মের সুবিধা পাওয়ায় তার কার্ডের সংখ্যা নিয়ন্ত্রণে রয়েছে। নিয়ম অনুযায়ী, কার্ডের এই সমন্বিত সংখ্যা শূন্যের নিচে নামতে পারে না। মেসি মৌসুমের শুরুতে টানা পাঁচ ম্যাচ কার্ডহীনভাবে খেলার পর কার্ডের সংখ্যা শূন্যে নামিয়ে এনেছিলেন। পরবর্তীতে কার্ড পেলেও পুনরায় টানা ১০ ম্যাচ কার্ডহীন থাকায় তার কার্ডের সংখ্যা আবারও শূন্যে নেমে আসে। সর্বশেষ সিনসিনাটির বিপক্ষে ম্যাচে হলুদ কার্ড দেখার পর বর্তমানে তার নামের পাশে দুটি কার্ড রয়েছে। ফলে পাঁচ কার্ডের নিষেধাজ্ঞা থেকে তিনি আপাতত মুক্ত। গত ২৯ অক্টোবর সিনসিনাটির বিপক্ষে ম্যাচে স্যামুয়েল গিদিকে ফাউল করায় মেসি হলুদ কার্ড দেখেন। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। বর্তমানে ৩২ ম্যাচ শেষে ৫৬ পয়েন্ট নিয়ে ইন্টার মায়ামি ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে রয়েছে। মায়ামি এখন পর্যন্ত ১৭টি জয়, পাঁচটি ড্র এবং ১০টি হারের স্বাদ পেয়েছে। একই সংখ্যক ম্যাচ খেলে ৫৮ পয়েন্ট নিয়ে নিউ ইংল্যান্ড দ্বিতীয় এবং ৭১ পয়েন্ট নিয়ে ন্যাশভিল তালিকার শীর্ষে অবস্থান করছে। বাংলাদেশ সময় পরশু ভোরে নিউ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি।
Article source: Ajker Patrika | Image credit: Ajker Patrika