বিদেশযাত্রার আগে চাকরি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

বিদেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যাওয়ার আগে চাকরি, বেতন-ভাতা, সুযোগ-সুবিধা এবং নিয়োগকারী প্রতিষ্ঠান সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা জরুরি বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল। তিনি বলেন, বিদেশে কর্মসংস্থানের নামে তরুণরা যেন কোনোভাবেই প্রতারণার শিকার না হন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় নাটোরের লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দক্ষিণ কোরিয়াসহ উন্নত দেশগুলোতে বাংলাদেশি তরুণদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে ‘স্টাডি অ্যাব্রড কনসালটেন্সি জিটি গ্রুপ’ এই সভার আয়োজন করে। প্রতিমন্ত্রী বলেন, দক্ষিণ কোরিয়াসহ উন্নত দেশগুলোতে বাংলাদেশের তরুণদের কাজের সুযোগ তৈরি হলে তা দেশের অর্থনীতি শক্তিশালী করতে এবং বেকারত্ব কমাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তবে এ জন্য কর্মীদের যথাযথ প্রশিক্ষণ, ভাষাগত দক্ষতা, প্রয়োজনীয় যোগ্যতা এবং বৈধ অভিবাসন প্রক্রিয়া নিশ্চিত করা জরুরি। তিনি আরও বলেন, যুবসমাজ দেশের সম্পদ। তাদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। বিদেশে কাজের সুযোগ তৈরি করতে গিয়ে তরুণরা যেন আর্থিক বা সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সভায় দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থানের সম্ভাবনা, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণ বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, যথাযথ প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণরা বিদেশের শ্রমবাজারে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে পারেন। অনুষ্ঠানে জিটি গ্রুপের চেয়ারম্যান পার্ক জি ইয়ং, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহমুদুল হাসান মামুন, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মো. মেশকাতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন এবং উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পুসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে কর্মপ্রত্যাশী তরুণদের জন্য বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে তারা আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

Article source: Ajker Patrika | Image credit: Ajker Patrika

News Desk: News Desk is the editorial publishing account for Tringlobe Media News, covering breaking news, public affairs, entertainment, community developments and regional stories across Trinidad and Tobago, the Caribbean and internationally.