চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা আশরাফুল হক ওরফে ডনের জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ তাওহিদা আক্তার এ আদেশ দেন। আদালতে ডনের পক্ষে শুনানি করেন আইনজীবী সফিউল ইসলাম। জামিন আবেদনে তিনি দাবি করেন, ডনের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। আবেদনে উল্লেখ করা হয়, এর আগে পুলিশের বিভিন্ন সংস্থা কয়েক দফা তদন্তে সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করেছে। বর্তমানে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে এবং এখন পর্যন্ত ডনের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। এছাড়া ডন অসুস্থ এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি—এই যুক্তিতে জামিন চাওয়া হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত একাধিকবার ডনের জামিন আবেদন নাকচ করেছিলেন। উল্লেখ্য, গত ৯ আগস্ট ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ ডনকে আটক করে। পরে সিআইডি তাঁকে হেফাজতে নিয়ে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে। সালমান শাহর মৃত্যুর প্রায় ২৯ বছর পর আদালতের নির্দেশে গত বছরের ২১ অক্টোবর রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর বাদী হয়ে দায়ের করা এই মামলায় ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। আসামিদের মধ্যে রয়েছেন সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, আশরাফুল হক ওরফে ডনসহ আরও অনেকে। এর আগে গত বছরের ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত সালমান শাহর ‘অস্বাভাবিক মৃত্যু’র মামলাটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলা দায়েরের পর গত বছরের ২৭ অক্টোবর সামিরা হক ও আশরাফুল হক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন আদালত।
Article source: Ajker Patrika | Image credit: Ajker Patrika