নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর সঙ্গে জোট গঠনের আলোচনায় ইসরায়েলের বিরোধীরা

ইসরায়েলের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হওয়ার পর, তাকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী দলগুলো আরব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে। ফিলিস্তিনি নাগরিকদের ব্যাপক ভোটার উপস্থিতির কারণে নেতানিয়াহু সরকার গঠনের প্রয়োজনীয় আসন পেতে ব্যর্থ হন, যা দেশটিতে নতুন সরকার গঠনের সম্ভাবনা তৈরি করেছে। লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য নিউ আরব’ (আল আরব আল-জাদিদ)-এর প্রতিবেদন অনুযায়ী, মুভমেন্ট ফর চেঞ্জের নেতা ও নেসেট সদস্য আহমাদ তিবি জানিয়েছেন, বিরোধী দলগুলো বর্তমান নেসেট স্পিকারকে সরিয়ে নতুন স্পিকার নিয়োগ এবং নেতানিয়াহুর শাসনের অবসান ঘটাতে আরব দলগুলোর সঙ্গে যোগাযোগ করছে। তিবি স্পষ্ট করেছেন যে, আরব দলগুলোর লক্ষ্য মন্ত্রিত্ব পাওয়া নয়, বরং পার্লামেন্টে তাদের রাজনৈতিক শক্তি ব্যবহার করে উগ্র ডানপন্থী জোটের আধিপত্যের অবসান ঘটানো। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘কান’ (Kan)-এর তথ্যমতে, জয়েন্ট আরব লিস্ট বিরোধী দলগুলোর ‘চেঞ্জ ক্যাম্পের’ সঙ্গে আলোচনা চালাচ্ছে। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, ১৯৯২ সালে আইজ্যাক রবিনের সরকারের মতো আরব দলগুলো আনুষ্ঠানিকভাবে সরকারে যোগ না দিয়ে বা মন্ত্রিত্ব গ্রহণ না করে বাইরে থেকে ‘সেফটি নেট’ বা সুরক্ষা বলয় হিসেবে সমর্থন দিতে পারে। জয়েন্ট লিস্টের নেতা ইউসুফ জাবারিন নেতানিয়াহুর বিকল্প হিসেবে একটি ‘প্রকৃত ইহুদি-আরব অংশীদারত্ব’ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। নির্বাচনী প্রচারের সময় নেতানিয়াহু আরব ভোটারদের ব্যাপক অংশগ্রহণ নিয়ে তার সমর্থকদের সতর্ক করেছিলেন। নির্বাচনের দিন তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে আরব অধ্যুষিত এলাকাগুলোতে ভোটারদের উপস্থিতির ছবি শেয়ার করে লিকুদ পার্টির সমর্থকদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। বিরোধী শিবিরের মধ্যে এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ডেমোক্র্যাটস দলের নেতা ইয়াইর গোলান নতুন সরকার গঠনে আরব দলগুলোকে অন্তর্ভুক্ত করার পক্ষে মত দিলেও, ইসরায়েল বেইতেনু দলের নেতা আভিগদর লাইবারম্যান এর বিরোধিতা করেছেন। লাইবারম্যান আরব দলগুলোর সঙ্গে সহযোগিতার পরিবর্তে লিকুদ দলের ভেতরেই নেতানিয়াহুর বিরুদ্ধে বিদ্রোহের আহ্বান জানিয়েছেন। তিনি প্রধানমন্ত্রীকে ‘অপরাধী সংগঠনের প্রধানের’ সঙ্গে তুলনা করে তার বিরুদ্ধে জাতীয়তাবাদী শিবির ধ্বংসের অভিযোগ তোলেন। আহমাদ তিবি আরব ভোটারদের অংশগ্রহণকে অবৈধ হিসেবে উপস্থাপনের প্রচেষ্টাকে বর্ণবাদী বলে অভিহিত করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, যারা আরব দলগুলোর সঙ্গে জোট গঠনে অস্বীকৃতি জানাবে, তারা শেষ পর্যন্ত ক্ষমতা হারাবে। বর্তমানে বিরোধী দলগুলোর সঙ্গে আরব আইনপ্রণেতাদের এই আলোচনা ও কৌশলগত সমন্বয় ইসরায়েলের রাজনৈতিক দৃশ্যপটে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

Article source: Ajker Patrika | Image credit: Ajker Patrika

News Desk: News Desk is the editorial publishing account for Tringlobe Media News, covering breaking news, public affairs, entertainment, community developments and regional stories across Trinidad and Tobago, the Caribbean and internationally.