হবিগঞ্জের চুনারুঘাটে শাশুড়িকে হত্যার দায়ে জামাতা মো. অলিউর রহমান অলিকে (৪২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক কাঁকন দে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত অলিউর রহমান অলি মাধবপুর উপজেলার তুলশীপুর (অলিপুর) গ্রামের মো. ইউনুছ আলীর ছেলে। রায়ে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতের স্টেনোগ্রাফার মো. মুখলেছুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ২৯ মে সকালে স্বর্ণালংকার কেনার কথা বলে অলিউর রহমান তাঁর শাশুড়ি জাহানারা বেগমকে বাড়ি থেকে নিয়ে যান। এরপর থেকে জাহানারা বেগম নিখোঁজ ছিলেন। ঘটনার কয়েক দিন পর, ১ জুন চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানের ওয়াচ টাওয়ারের দক্ষিণ পাশে একটি বেতবাগান থেকে পুলিশ এক নারীর গলিত মরদেহ উদ্ধার করে। পরদিন পত্রিকায় প্রকাশিত সংবাদের ছবি দেখে নিহতের ছেলে মো. মিজানুর রহমান মরদেহটি তাঁর মা জাহানারা বেগমের বলে শনাক্ত করেন। এ ঘটনায় নিহতের ছেলে মো. মিজানুর রহমান বাদী হয়ে অলিউর রহমানের বিরুদ্ধে চুনারুঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৯ সালের ১৪ জানুয়ারি পুলিশ অলিউর রহমানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে রাষ্ট্রপক্ষের ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষে আদালত এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. গুলজার আহমেদ খান। তিনি বলেন, রাষ্ট্রপক্ষ মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। এ ধরনের হত্যা মামলায় ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রপক্ষ ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা পালন করবে।
Article source: Ajker Patrika | Image credit: Ajker Patrika