মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচে ধৈর্যশীল ব্যাটিংয়ের প্রদর্শনী দেখাচ্ছে বাংলাদেশ। চা বিরতি পর্যন্ত ৫৯ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ১৭৭ রান। টস জিতে ব্যাটিংয়ে নেমে দিনের শুরুটা খুব একটা ভালো হয়নি বাংলাদেশের। তানজিদ হাসান তামিম ও মুমিনুল হক দ্রুত সাজঘরে ফিরে যান। বিশেষ করে থিতু হওয়ার পর ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে শামার জোসেফের বলে ক্যাচ দিয়ে মুমিনুলের আউট হওয়াকে হতাশাজনক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। দ্বিতীয় সেশনে বাংলাদেশ কেবল অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উইকেটটি হারায়। ৩৬তম ওভারে জোমেল ওয়ারিকানের বলে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউর শিকার হন শান্ত। আম্পায়ার শুরুতে আউট না দিলেও রিভিউতে দেখা যায় বল ব্যাটে না লেগে সরাসরি প্যাডে আঘাত করেছে। ১৯ রান করে শান্তর বিদায়ের পর সাদমান ইসলামের সঙ্গে জুটি গড়েন তাওহীদ হৃদয়। মুশফিকুর রহিমের ইনজুরির কারণে দলে সুযোগ পাওয়া হৃদয় এখন পর্যন্ত ৩৬ রানে অপরাজিত আছেন। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট। অন্যদিকে, সাদমান ইসলাম বেশ সাবলীল ব্যাটিং করছেন। ১৬৭ বলে ৮টি চারের সাহায্যে ৭৯ রান নিয়ে তিনি সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছেন। চা বিরতি পর্যন্ত বাংলাদেশের রান রেট ছিল ৩। সাদমান ও হৃদয়ের ধীরস্থির ব্যাটিংয়ে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বোলাররা বেশ পরীক্ষার মুখে পড়েছেন। তারা যেমন স্ট্রাইক রোটেট করে রান সচল রেখেছেন, তেমনি বাজে বলগুলোকে বাউন্ডারিতে পরিণত করতেও ভুল করেননি।
Article source: Ajker Patrika | Image credit: Ajker Patrika