বরিশালের মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে অপেক্ষমাণ রোগীদের বসার স্থানে একটি চলন্ত সিলিং ফ্যান খুলে পড়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন সেখানে অবস্থানরত দুই শিশুসহ পাঁচ থেকে ছয়জন রোগী ও তাদের স্বজন। প্রত্যক্ষদর্শী হাফসা বেগম জানান, জরুরি বিভাগের সামনে রাখা বেঞ্চে বসে থাকা অবস্থায় হঠাৎ ওপরের একটি চলন্ত ফ্যান খুলে নিচে পড়ে যায়। ফ্যানটি শিশুদের পাশেই পড়ায় তারা কোনো আঘাত পায়নি। এ ঘটনার পর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, হাসপাতালের পুরোনো ও ঝুঁকিপূর্ণ ফ্যানগুলো দ্রুত পরীক্ষা না করলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ ফজলে রাব্বী বলেন, পুরোনো একটি ফ্যান খুলে পড়ার ঘটনাটি ঘটেছে। তবে এতে কেউ আহত হননি। তিনি আরও জানান, হাসপাতালের সব ফ্যানের অবস্থা পর্যবেক্ষণ করে ঝুঁকিপূর্ণ ফ্যানগুলো পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট ইলেকট্রিশিয়ানকে নির্দেশনা দেওয়া হয়েছে।
Article source: Ajker Patrika | Image credit: Ajker Patrika