মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে নৌভ্রমণের মধ্য দিয়ে গত সোমবার ‘উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম’ (উই)-এর নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছেন অর্ধশত নারী উদ্যোক্তা। এই আয়োজনে উদ্যোক্তারা নিজেদের উদ্যোগ সুসংগঠিত করা, দেশীয় পণ্যের প্রসার এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বৃহত্তর বাজারে প্রবেশের বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে নারীদের হাতে তৈরি অন্তত ২৫ পদের ঐতিহ্যবাহী পিঠাপুলি পরিবেশন করা হয়। পাশাপাশি ছিল সংগীত ও আনন্দ আয়োজন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই মিলনমেলায় বক্তারা নারী উদ্যোক্তাদের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব তুলে ধরেন। উই-এর মানিকগঞ্জ জেলা সমন্বয়ক ও উদ্যোক্তা শারমিন আক্তার এ্যানী বলেন, ‘আমরা নারী, আমরাই পারি। আমার স্বপ্ন নিজের উদ্যোগকে এগিয়ে নেওয়ার পাশাপাশি মানিকগঞ্জের ঐতিহ্য ও দেশীয় পণ্যকে বিশ্বের দরবারে তুলে ধরা। আমি বিশ্বাস করি, একজন নারী এগিয়ে গেলে পরিবার এগিয়ে যায়, আর অনেক নারী একসঙ্গে এগিয়ে গেলে দেশ এগিয়ে যায়।’ সংগঠনটির সদস্য ঈশিতা জান্নাত বলেন, ‘উই শুধু একটি প্ল্যাটফর্ম নয়, এটি নারীদের স্বপ্নপূরণ ও আত্মনির্ভরশীলতার সাহস। এখানে একজনের সাফল্য অন্যজনের এগিয়ে যাওয়ার প্রেরণা হয়ে ওঠে।’ এছাড়া সংগঠনের সদস্য শাম্মী আক্তার লিয়া ও মুন্নী রহমান এই অভিজ্ঞতা বিনিময়কে ব্যবসার নতুন সম্ভাবনা হিসেবে উল্লেখ করেন। অনলাইন বাণিজ্য ও ই-কমার্সের ইতিবাচক প্রভাব কাজে লাগিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করা এবং অন্য নারীদের পথচলায় সাহস জোগানোর অঙ্গীকারের মধ্য দিয়ে এই নৌযাত্রা শেষ হয়।
Article source: Ajker Patrika | Image credit: Ajker Patrika