সিরাজদিখানে ৩ স্কুলছাত্রীকে অপহরণচেষ্টার অভিযোগে দুই নারী আটক

মুন্সিগঞ্জের সিরাজদিখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির তিন শিক্ষার্থীকে অপহরণের চেষ্টার অভিযোগে দুই নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন বকুলতলা সড়কে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন শ্রীনগর উপজেলার ব্রাহ্মণখোলা গ্রামের ইউনুস শেখের মেয়ে জান্নাত আক্তার (১৮) এবং সিরাজদিখান উপজেলার পশ্চিম কুসুমপুর গ্রামের শেখ লাল চান মিয়ার মেয়ে মোসা. গুলবাহার (৬০)। জান্নাত আক্তার বর্তমানে ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় বসবাস করেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বিদ্যালয় ছুটির পর দ্বিতীয় শ্রেণির তিন শিক্ষার্থী বাড়ি ফেরার পথে ওই দুই নারী তাদের সঙ্গে কথা বলার একপর্যায়ে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় এক শিশুর হাত ধরে টেনে নেওয়ার চেষ্টা করলে স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করেন এবং দ্রুত এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করেন। পরে স্থানীয়রা ওই দুই নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেন। প্রত্যক্ষদর্শী মহিউদ্দিন হাওলাদার জানান, অভিযুক্তরা শিশুদের টাকার লোভ দেখিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলী হোসেন জানান, সোমবারও ওই দুই নারীকে বিদ্যালয়ের আশেপাশে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল, যা শিক্ষকদের মধ্যে সন্দেহের সৃষ্টি করেছিল। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, বিষয়টি তিনি অবগত আছেন। এ ধরনের ঘটনা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে, তাই তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, আটক দুই নারী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Article source: Ajker Patrika | Image credit: Ajker Patrika

News Desk: News Desk is the editorial publishing account for Tringlobe Media News, covering breaking news, public affairs, entertainment, community developments and regional stories across Trinidad and Tobago, the Caribbean and internationally.