চাঁদপুরের শাহরাস্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক প্যারামেডিক চিকিৎসককে জরিমানা এবং দুটি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ‘সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টার’-এ ছিদ্দিকুর রহমান নামের এক প্যারামেডিক চিকিৎসককে এমবিবিএস চিকিৎসক পরিচয়ে রোগী দেখার সময় হাতেনাতে ধরা হয়। এ অপরাধে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং ওই প্রতিষ্ঠানে তাঁর সব ধরনের চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। একই অভিযানে উপজেলার দোয়াভাঙ্গা এলাকায় অবস্থিত ‘অ্যাপোলো মেডিকেল সেন্টার’-এর প্রয়োজনীয় বৈধ কাগজপত্র বা অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং চিকিৎসাসেবার মান নিশ্চিত করার লক্ষ্যে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Article source: Ajker Patrika | Image credit: Ajker Patrika