বরিশালে যুবদলের তিনটি সাংগঠনিক ইউনিটে দীর্ঘ এক দশক ধরে নতুন নেতৃত্ব তৈরি না হওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। ২০১৬ ও ২০১৭ সালে গঠিত এসব কমিটি আহ্বায়ক বা আংশিক কাঠামোতেই আটকে আছে। এর মধ্যেই আজ মঙ্গলবার সংগঠনটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হচ্ছে। বরিশাল মহানগর যুবদলের কমিটি গঠন করা হয় ২০১৬ সালের শেষের দিকে। দীর্ঘ সময় নতুন কমিটি না হওয়ায় সংগঠনের ভেতরে স্থবিরতা দেখা দিয়েছে। কমিটির সভাপতি আক্তারুজ্জামান শামীমকে ২০২৩ সালে অব্যাহতি দেওয়া হয় এবং সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন বহিষ্কৃত হওয়ার পর পুনরায় স্বপদে ফেরেন। বর্তমানে মাসুদুর রহমান রাঢ়ীকে সভাপতি ও মাসুদ হাসান মামুনকে সাধারণ সম্পাদক হিসেবে রেখে জোড়াতালি দিয়ে সংগঠনটি চলছে বলে অভিযোগ রয়েছে। মহানগর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম জাহান বলেন, ১০ বছর ধরে একই কমিটি দিয়ে সংগঠন চলায় নতুন নেতৃত্ব উঠে আসার পথ রুদ্ধ হয়েছে। এ বিষয়ে মন্তব্য জানতে সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। বরিশাল দক্ষিণ জেলা যুবদলের কমিটি গঠিত হয় ২০১৭ সালের এপ্রিলে। ২০২১ সালে সভাপতি পারভেজ আকন বিপ্লবের মৃত্যুর পর থেকে মাসুদ রেজা খানকে ভারপ্রাপ্ত সভাপতি এবং সাধারণ সম্পাদক এইচ এম তসলিম উদ্দিনের নেতৃত্বে সাংগঠনিক কার্যক্রম চলছে। দীর্ঘ ৯ বছরেও এখানে নতুন নেতৃত্ব আসেনি। এ বিষয়ে দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ এম তসলিম উদ্দিন বলেন, অস্থিতিশীল পরিস্থিতির কারণে নতুন কমিটি গঠন করা সম্ভব হয়নি, তবে তা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি আরও জানান, বিএনপিতে পদ না পেলে তিনি যুবদলের সভাপতি প্রার্থী হবেন। তবে সংগঠনের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু মনে করেন, এভাবে দীর্ঘ সময় একই নেতৃত্ব দিয়ে সংগঠন চলতে পারে না। উত্তর জেলা যুবদলের ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে। ২০১৬ সালে গঠিত আহ্বায়ক কমিটি নানা অভিযোগে ২০২০ সালে ভেঙে দেওয়া হয়। পরবর্তীতে সালাউদ্দিন পিপলুকে পুনরায় আহ্বায়ক করে নতুন কমিটি গঠন করা হয়। বর্তমানে গোলাম মোর্শেদ মাসুদ এই কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। পাঁচ বছর ধরে একই নেতৃত্ব থাকা প্রসঙ্গে সদস্যসচিব গোলাম মোর্শেদ মাসুদ বলেন, ২০২১ সালে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে, যা খুব বেশি দীর্ঘ সময় নয়। দীর্ঘদিন ধরে কমিটি পুনর্গঠন না হওয়ার বিষয়ে যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুদ্দীন রুবেল বলেন, নতুন ও পুরাতন নেতাদের সমন্বয়ে বরিশাল যুবদলের নেতৃত্ব গঠন করা হতে পারে। তবে স্থানীয় নেতাদের কাছে কেন্দ্রীয় নেতৃত্ব জিম্মি—এমন অভিযোগ তিনি অস্বীকার করেন।
Article source: Ajker Patrika | Image credit: Ajker Patrika