কুয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী জিয়াউর রহমান জিয়ার মরদেহ মৃত্যুর ১২ দিন পর দেশে পৌঁছেছে। রোববার সকালে ফ্রিজিং গাড়িতে করে মরদেহ হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের ভুগলী গ্রামে তাঁর নিজ বাড়িতে পৌঁছালে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। জিয়াউর রহমান জিয়া ভুগলী গ্রামের মো. আজিজুর রহমানের ছেলে। জীবিকার সন্ধানে তিনি এক যুগেরও বেশি সময় ধরে কুয়েতে কর্মরত ছিলেন। গত ১২ অক্টোবর কুয়েতে এক সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর থেকেই পরিবারের সদস্যরা তাঁর মরদেহ দেশে আনার অপেক্ষায় ছিলেন। নিহতের বড় ভাই সাজিদুর রহমান জানান, রোববার বাদ আসর ভুগলী গ্রামে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে জিয়াউর রহমানকে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি বাবা-মা, স্ত্রী, চার মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
Article source: Ajker Patrika | Image credit: Ajker Patrika