স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ এবং যোগ্য মাদ্রাসাগুলোকে এমপিওভুক্তির দাবি জানিয়েছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয় শিক্ষক ঐক্যফ্রন্টের নেতারা। রোববার (২৫ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে ‘ইসলাম শিক্ষায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাবনা ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার অবদান এবং নৈতিক শিক্ষায় ইবতেদায়ি মাদ্রাসার ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে এসব দাবি উত্থাপন করা হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য মো. ইকরামুল বারী টিপু শিক্ষকদের দাবির প্রতি সমর্থন জানান। তিনি বলেন, ‘দীর্ঘ ৪০ বছরের অধিক সময় ধরে আপনারা যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, আমি আপনাদের দাবির সঙ্গে একমত। এমপিওভুক্তির জন্য একটি নীতিমালা প্রয়োজন, যার কাজ চলমান রয়েছে। এ প্রক্রিয়ায় কিছুটা সময় লাগতে পারে, তাই ধৈর্য ধরতে হবে।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঐক্যফ্রন্টের চেয়ারম্যান মো. শামছুল আলম। এ সময় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ শাহাদাত হোসাইন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খোন্দকার মুহাম্মদ সাদেকুর রহমান এবং বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিনের মহাসচিব শাব্বির আহমেদ মোমতাজী উপস্থিত ছিলেন। সেমিনারে উপস্থাপিত লিখিত বক্তব্যে সংগঠনের নেতারা জানান, ১৯৯৪ সালে ১ হাজার ৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা অনুদানভুক্ত করা হয়েছিল। বর্তমানে এসব মাদ্রাসার শিক্ষার্থীরা উপবৃত্তি পেলেও অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই সুবিধার বাইরে রয়েছে। নেতারা অভিযোগ করেন, প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পাঠ্যক্রম ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করা সত্ত্বেও শিক্ষকদের বেতন-ভাতায় ব্যাপক বৈষম্য বিদ্যমান। সংগঠনের পক্ষ থেকে প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—২০২৫ সালের সংশোধিত নীতিমালা অনুযায়ী ১ হাজার ৫১৯টি মাদ্রাসার জাতীয়করণ বা এমপিওভুক্তির গেজেট প্রকাশ এবং যোগ্য অনুদানবিহীন মাদ্রাসাগুলোর এমপিও আবেদনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করা।
Article source: Ajker Patrika | Image credit: Ajker Patrika