গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে যেকোনো ধরনের সহিংসতা ও বিশৃঙ্খলা রোধে ১০ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ ও ৬ নভেম্বর থেকে পর্যায়ক্রমে গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে এই বিশেষ নিরাপত্তা কার্যক্রম শুরু হয়। বর্তমানে গাজীপুরের ভোগড়া বাইপাস, মাওনা, গাছা, মৌচাক, সফিপুর বাজার, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, তেলিপাড়া, চান্দনা চৌরাস্তা ও সালনাসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে ছয় প্লাটুন এবং নারায়ণগঞ্জের চাষাঢ়া, ফতুল্লা, বিসিক ও কাঁচপুর এলাকায় চার প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। নিরাপত্তা জোরদারের ফলে ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং পোশাক কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম সচল রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আনসার সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। মাঠপর্যায়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ১০ জন কোম্পানি কমান্ডার ও সার্কেল অ্যাডজুটেন্ট দায়িত্ব পালন করছেন। সার্বিক নিরাপত্তা ও তদারকির দায়িত্বে রয়েছেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মো. আসাদুজ্জামান গণী এবং সংশ্লিষ্ট জেলা কমান্ড্যান্টরা। এছাড়া গাজীপুরে উপপরিচালক রাফিউদ্দিন জাকারিয়া ও সহকারী পরিচালক মুহাম্মদ আব্দুস সামাদ এবং নারায়ণগঞ্জে সহকারী পরিচালক মো. শাহীন মিয়া সমন্বয়ের দায়িত্ব পালন করছেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, তথ্য সরবরাহ ও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বাহিনীর গোয়েন্দা ইউনিট এবং স্থানীয় আনসার-ভিডিপির স্বেচ্ছাসেবী সদস্যরাও মাঠপর্যায়ে কাজ করছেন।
Article source: Ajker Patrika | Image credit: Ajker Patrika