সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে জয় দিয়ে যাত্রা শুরু করা বাংলাদেশ জাতীয় ফুটবল দল এখন শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত। বসুন্ধরা কিংস অ্যারেনায় গতকালের অনুশীলনে দলের খেলোয়াড়দের মধ্যে স্বস্তির আবহ লক্ষ্য করা গেছে। প্রথম ম্যাচের জয় দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। দলের অনুশীলনে অনুপস্থিত ছিলেন অধিনায়ক তপু বর্মন। ভুটান ম্যাচের আগে গা গরম করতে গিয়ে পাওয়া চোটের কারণে তিনি এখনো পুরোপুরি সেরে ওঠেননি। তবে দলের জন্য স্বস্তির খবর হলো, জ্বরের কারণে প্রথম ম্যাচে মাঠের বাইরে থাকা তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিন এখন পুরোপুরি সুস্থ। অনুশীলনের আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মোরসালিন জানান, তিনি এখন শতভাগ ফিট এবং শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার জন্য প্রস্তুত। ভুটানের বিপক্ষে গোল করার সুযোগ হাতছাড়া হওয়া নিয়ে মোরসালিন বলেন, বড় ব্যবধানে জয় না পাওয়া দলের জন্য একদিক থেকে ইতিবাচক হয়েছে। এতে খেলোয়াড়দের মধ্যে আত্মতুষ্টি তৈরি হয়নি এবং গোল করার ক্ষুধা অটুট রয়েছে। তিনি বলেন, “আমরা সবাই এখনো খুব ক্ষুধার্ত হয়ে আছি। পরের ম্যাচে সেই ক্ষুধা নিয়ে খেলতে নামব।” আগামী বুধবার ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিচ্ছেন প্রবাসী দুই ফুটবলার হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদ। তাদের অন্তর্ভুক্তি দলের মনোবল আরও বাড়িয়ে তুলবে বলে মনে করছেন মোরসালিন। ভুটান ম্যাচে কোচ টমাস ডুলি ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে আক্রমণভাগে খেলিয়েছিলেন। দলের দীর্ঘদিনের ‘নাম্বার নাইন’ বা স্ট্রাইকার সংকটের বিষয়ে মোরসালিন বলেন, কোচ যেখানেই সুযোগ দেবেন, খেলোয়াড় হিসেবে সেখানেই সেরাটা দেওয়ার চেষ্টা করবেন। সাফের মতো টুর্নামেন্টকে কোচ পরীক্ষার মঞ্চ হিসেবে ব্যবহার করছেন বলেও তিনি উল্লেখ করেন।
Article source: Ajker Patrika | Image credit: Ajker Patrika