রাজশাহীতে ধানখেত থেকে যুবকের মরদেহ উদ্ধার, ট্রান্সফরমার চুরির সন্দেহ

রাজশাহীর তানোর উপজেলার একটি ধানখেত থেকে বাবু শেখ (২৫) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কচুয়া গ্রামের বটতলা এলাকায় একটি গভীর নলকূপের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। নিহত বাবু শেখ কুষ্টিয়ার ভেড়ামারা সদরের ইসলাম শেখের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। নিহতের স্বজনদের ভাষ্যমতে, বাবু শেখ পেশায় একজন নির্মাণশ্রমিক ছিলেন। চার দিন আগে কাজের কথা বলে তিনি বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। বাবুর সঙ্গে কাজে যাওয়া ব্যক্তিদের ফোনও বন্ধ ছিল। পরবর্তীতে তাঁদেরই একজন ফোন করে বাবুর মৃত্যুর খবর জানান। স্বজনরা তানোরে গিয়ে খোঁজাখুঁজি করেও তখন কোনো সন্ধান পাননি। শনিবার সকালে পুলিশের মাধ্যমে খবর পেয়ে তাঁরা মরদেহ শনাক্ত করেন। তানোর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আলী জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির সময় শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Article source: Ajker Patrika | Image credit: Ajker Patrika

News Desk: News Desk is the editorial publishing account for Tringlobe Media News, covering breaking news, public affairs, entertainment, community developments and regional stories across Trinidad and Tobago, the Caribbean and internationally.