শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবু সালেহ আহমেদ (৬০) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু সালেহ আহমেদ ভারুয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি ভারুয়া বাজার জামে মসজিদের সভাপতি এবং নলকুড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সুজা উদ্দিন তাঁর রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২০ দিন আগে আবু সালেহ আহমেদ ভারুয়া বাজার জামে মসজিদের সভাপতি নির্বাচিত হন। তবে তাঁর এই দায়িত্ব গ্রহণ নিয়ে একই গ্রামের আব্দুল মতিন ও তাঁর সহযোগীদের আপত্তি ছিল। শুক্রবার জুমার নামাজের আগে মসজিদের ভেতরে এ নিয়ে মতিনের পক্ষের লোকজন আপত্তি জানালে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মতিনের পক্ষের লোকজন আবু সালেহ আহমেদের ওপর হামলা চালালে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত মুসল্লিরা তাঁকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নুর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
Article source: Ajker Patrika | Image credit: Ajker Patrika